আগামী বছর রূপগঞ্জের দুটি সেতুর কাজ শেষ করার আশ্বাসে দুই প্রতিমন্ত্রী


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 18, 2026 আগামী বছর রূপগঞ্জের দুটি সেতুর কাজ শেষ করার আশ্বাসে দুই প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের ওপর নির্মাণাধীন কায়েতপাড়া-নগরপাড়া ও ইছাপুরা—এই দুই সেতুর নির্মাণকাজ আগামী বছরের মধ্যে সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, রূপগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবিতে পরিপ্রেক্ষিতে দ্রুত সেতু দুটির নির্মাণকাজ সম্পন্ন করা হবে। সেতু দুটি নির্মিত হলে রাজধানীর সঙ্গে রূপগঞ্জবাসীর যোগাযোগ সহজ হবে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে নির্মাণাধীন কায়েতপাড়া-নগরপাড়া সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে হাবিবুর রশিদ এ কথা বলেন। এ সময় একই ধরনের আশ্বাস দেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। এর আগে তাঁরা উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ইছাপুরা সেতু পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘একটি চক্রান্ত ও ষড়যন্ত্রকারী মহল কোনো না কোনোভাবে চাচ্ছিল, এই এলাকার যাতে উন্নয়ন না হয়। আমরা অতীতের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই, নতুনভাবে উন্নয়ন করতে চাই। সেই কারণে আমাদের সবার ছুটে আসা। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে, দীর্ঘদিনের পুরোনো সেতু দুটির বাস্তবায়ন করা। আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সারাক্ষণ ছুটে চলছেন বাংলাদেশের উন্নয়ন করার জন্য। সরকার অঙ্গীকার অনুযায়ী সারা দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করছে। অতীতের অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করার পাশাপাশি নতুন উন্নয়ন কর্মকাণ্ডও বাস্তবায়ন করতে চায় সরকার।’

সেতু পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘রূপগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এই দুটি সেতুর বাস্তবায়ন। আমাদেরও প্রত্যাশা, আমরা আশাবাদী আজকের দিন থেকে আগামী বছরের এই দিন এই সেতু দিয়ে আমরা চলাফেরা করতে পারব।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী হাসান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান সহ প্রমুখ।

উল্লেখ্য, ২০০৩ সালে ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বালু নদে কায়েতপাড়া-নগরপাড়া সেতুর নির্মাণকাজ শুরু হয়। গত ২৩ বছরেও নির্মাণকাজ শেষ হয়নি। অন্যদিকে বিগত আওয়ামী লীগ সরকারের শেষের দিকে রূপগঞ্জ ইউনিয়নের ইছাপুরা এলাকায় বালু নদে সেতুর নির্মাণকাজ শুরু হলেও তা এখনো শেষ হয়নি।