মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 6, 2026 মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক কারবারিরা আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। 

গত কয়েকদিন ধরেই আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য (এপিবিএন) আবুল কালাম মাসাবো এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। কয়েকদিন আগে শাহাদাত ও এমদাদুল নামে দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেন আবুল কালাম। মাদক কারবারি শাহাদাতের ছোট ভাই শাহজালাল বেশ কয়েকদিন ধরেই আবুল কালামকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। গতকাল বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে ডেকে বাড়ি একটি নির্জন বিলে ডেকে নিয়ে যায়। এ সময় শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০/১৫ জন মিলে আবুল কালামকে নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।