সিদ্ধিরগঞ্জ পুলে অটোচালকদের অবরোধে চরম যাত্রী ভোগান্তি


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 15, 2026 সিদ্ধিরগঞ্জ পুলে অটোচালকদের অবরোধে চরম যাত্রী ভোগান্তি নারায়ণগঞ্জ শহরে অটোরিকশা প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে প্রায় ৪০ মিনিটের এ অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোরিকশাচালকরা সড়কে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে তাঁরা কাঠ, বাঁশ ও প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে সড়কে যানজটের সৃষ্টি হয়।

অবরোধকারী চালকরা নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অটোরিকশা চলাচলের অনুমতি, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ এবং পুলিশের মামলা ও জরিমানাসংক্রান্ত সমস্যার সমাধান দাবি করেন। তাঁদের অভিযোগ, অটোরিকশার বিরুদ্ধে প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে।

অবরোধে আটকে পড়া এক যাত্রী বলেন, ‘আমরা অনেক কষ্ট করে ইপিজেডে চাকরি করতে যাই। কিন্তু সড়ক অবরোধের কারণে কর্মস্থলে যেতে পারছি না। শিক্ষার্থীরাও রাস্তায় আটকে আছে। সাধারণ মানুষকে জিম্মি করে এভাবে সড়ক বন্ধ রাখা উচিত নয়।’

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। পরে চালকরা অবরোধ তুলে নিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ঘটনাস্থলে এএসআই রাজ্জাককে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’