অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 30, 2026 অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে পিস্তলসদৃশ বস্তু হাতে শান্ত নামে এক যুবক মোবাইল ফোনে কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার পাশাপাশি ওয়ারেন্ট রয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কালো টি-শার্ট পরিহিত এক যুবক এক হাতে মোবাইল ফোনে কথা বলছেন। অন্য হাতে কালো কভারযুক্ত ছোট আকারের পিস্তলসদৃশ একটি বস্তু নাড়াচ্ছেন। তবে বস্তুটি আসল আগ্নেয়াস্ত্র কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে থাকা যুবকের নাম শান্ত। তিনি ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা ১ নম্বর রোড এলাকার ভাঙারি ব্যবসায়ী রাজ্জাকের ছেলে এবং স্থানীয় ছাত্রদল নেতা রায়হানের ভাই। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্তর বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধম‚লক কর্মকান্ডে জড়িত। একাধিক মামলা থাকার পরও তাকে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক মামলার পাশাপাশি ওয়ারেন্ট রয়েছে। তাকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার নজরেও এসেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।