অবশেষে লোকালয়ে দেখা সেই কুমির উদ্ধার


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 20, 2026 অবশেষে লোকালয়ে দেখা সেই কুমির উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে চলে আসা  কুমিরটি দুই মাস পর উদ্ধার করেছে বন বিভাগ।  কুমিরটিকে চিকিৎসা ও সংরক্ষণের জন্য গাজীপুরের সাফারি পার্কে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে কুমিটিকে তিনবার দেখা গেছে। এর ধারাবাহিকতায় গত সোমবার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার ওই পুকুরে কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিরটির অবস্থানের খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগের নজরে এলে উদ্ধার অভিযান শুরু হয়। এরপর বৃহস্পতিবার ওই পুকুরে জাল ফেলে কুমিরটি উদ্ধার করে বন বিভাগের উদ্ধারকারী দল। এ নিয়ে 
উদ্ধারকারী দল তৃতীয়বারের চেষ্টায় কুমিরটা ধরতে সক্ষম হয়েছেন।
 
এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, উদ্ধার হওয়া কুমিরটি মিঠা পানির কুমির। কুমিরটি গাজীপুর সাফারি পার্কে নেওয়া হবে। সেখানে চিকিৎসা দিয়ে সংরক্ষণ করা হবে। এরপরে প্রাণী বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অনুযায়ী  এটাকে অবমুক্ত করা হবে।”

কুমিরটি লোকালয়ে আসার বিষয়ে তিনি বলেন, “ এই এলাকার পাশে নদী আছে। ধারণা করা হচ্ছে, নদী থেকে  কুমিরটি হয়তো এখানে চলে এসেছে। 

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়।

খবর পেয়ে বন বিভাগ ও ঢাকা থেকে আসা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। তবে কুমিরটির অবস্থান শনাক্ত করতে না পারায় সে সময় অভিযান সফল হয়নি।

এরপর দীর্ঘদিন কুমিরটির সন্ধান না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা প্রশাসন। এরপর গত সোমবার দ্বিতীয়বারের মতো কুমিরটিকে ওই পুকুরে দেখা যায়।