সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 15, 2026 সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি (৪১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। তার শরীরে অন্তত ২০টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আল-আমিন নামে এক জনকে আটক করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. রনি সিদ্ধিরগঞ্জের পাইনাদি মিজমিজি এলাকার আলী হোসেনের ছেলে ও পেশায় একজন প্রাইভেট কার চালক। আটক আল-আমিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিজমিজি তেরা মার্কেটের সামনে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রনির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে তার নাম শনাক্ত করা হয়েছে।
 
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনার পর ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আল-আমিন নামে এক যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় স্থানীয়রা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছে। তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
 
 নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল আমিন রনিকে ছুরিকাঘাত করে। তার শরীরে ১৫ থেকে ২০ টি ছুরির আঘাত পাওয়া গেছে। এ ঘটনায় আল-আমিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 হত্যার কারণ উল্লেখ করে তিনি বলেন, মূলত রনির সাথে আল আমিনের কোন পূর্ব বিরোধ ছিল না।আলামিন একজন সিমেন্টের স্ল্যাব তৈরির কারিগর। কিছুদিন আগে আলামিন একটি স্লাব তৈরীর সময় এক নারী তাতে পা দিলে নষ্ট হয়ে যায়। এ নিয়ে ক্ষুব্ধ আলামিন ওই নারীকে খুঁজছিল। এদিকে আজ সকালে ওই নারীকে দেখতে পেয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে আল আমিন। এ সময় ওই নারীর আত্মীয় রনি এগিয়ে আসলে তার সাথে আল আমিনের দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে রনির শরীরে একাধিকবার আঘাত করে। এতে তার মৃত্যু হয়।