দিদার খন্দকারের চমকপ্রদ ‘বেবী ল্যান্ড’ পার্ক উদ্বোধনে জাকির খান


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 5, 2026 দিদার খন্দকারের চমকপ্রদ ‘বেবী ল্যান্ড’ পার্ক উদ্বোধনে জাকির খান
নারায়ণগঞ্জ শহরের দেওভোগে শিশুদের জন্য ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’ পার্ক উদ্বোধন করেছেন মহানগর বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পার্কের উদ্বোধন করা হয়। এ সময় শিশুদের নিয়ে রাইড ঘুরে আনন্দ উপভোগ করেন পার্কের উদ্যোক্তা বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার সহ প্রধান অতিথি জাকির খান।

অনুষ্ঠানের দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, মনোয়ার হোসেন শোখন, নাজির সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

নারায়ণগঞ্জ ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুরা যেন আনন্দের মাধ্যমে লেখাপড়া করে এবং বিনোদনের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

তিনি আরও বলেন, খেলাধুলা ও সুস্থ বিনোদন মানুষের মনকে বিকশিত করে এবং আনন্দিত করে। আমাদের শিশুরা যাতে বিপথগামী না হয় এবং কোনোভাবেই মাদকের ভয়াবহ গ্রাসে পতিত না হয়, সে জন্যই আমরা কয়েকজন বন্ধু মিলে এই ছোট্ট প্রয়াসটি হাতে নিয়েছি। আমি সকল অভিভাবকের প্রতি বিশেষভাবে আহ্বান জানাব, আপনারা আপনাদের সন্তানদের নিয়ে আমাদের এই পার্কে আসুন। তাদের সুস্থ ও সুন্দর মানসিক বিকাশে সুযোগ তৈরি করে দিন।”

আয়োজকরা আশা করেছেন, এ ধরনের শিশুবান্ধব পার্ক ও সুস্থ বিনোদনের ব্যবস্থা শিশুদের পড়ালেখার পাশাপাশি মানসিক ও শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের এক ইতিবাচক ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।

পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’। তবে প্রতি শুক্রবার সারাদিন পার্কটি খোলা থাকবে। পার্কে ট্রেন, উড়োজাহাজ, গাড়ি সহ বিভিন্ন ধরনের রাইড রয়েছে। এছাড়া আরো নানা রাইড সহ বিশেষ ব্যবস্থা সংযোজনের নানা তথ্য দিয়ে কর্তৃপক্ষ।

নতুন এই বিনোদনকেন্দ্রটি চালুর মধ্য দিয়ে নারায়ণগঞ্জ শহরের শিশুদের অবসর সময় কাটানোর জন্য আরও একটি আকর্ষণীয় জায়গা যুক্ত হলো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিশুদের আনন্দ ও পারিবারিক বিনোদনের অন্যতম একটি গন্তব্য হয়ে উঠবে ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’।